মাদারগঞ্জ

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয় পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাদারগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী মুখোশে সজ্জিত এই শোভাযাত্রা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতিচ্ছবি তুলে ধরে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পান্তাভাতসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি দিনব্যাপী বসে বৈশাখী মেলা। মেলায় স্থানীয় হস্তশিল্প, নকশিকাঁথা, মাটির তৈরি সামগ্রী ও ঐতিহ্যবাহী পণ্যের বিভিন্ন স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা-লাঠি খেলা, হাঁড়ি ভাঙা ও সাপ খেলা। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে যোগ করে ভিন্নমাত্রা। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

এদিকে, মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংস্থা এবং মাদারগঞ্জ সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরেকটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উদয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক রাকিবুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, সদস্য কামরুল হাসান সুজন, মোকসেদুর রহমান বেলাল, রকিব হাসনাত, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সার্বিকভাবে, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Related Articles

Back to top button