মাদারগঞ্জ
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রুস্তম আলী ওই এলাকার সোহরাব আলীর ছেলে।
রুস্তম আলীর স্বজনেরা জানান- বুধবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে রুস্তম আলী মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এতে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন- বজ্রপাতে রুস্তম আলী নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




