নানা কর্মসূচিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মোনাজাতের মধ্য দিয়ে জামালপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ‘টেকসই কৃষি উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদের ভূমিকা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। ডিপ্লোমা কৃষিবিদরা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে তাদের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের জেলা সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুদুল হক সুমনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
সভাপতির বক্তব্যে কামরুল হাসান তুলে ধরেন- ডিপ্লোমা কৃষিবিদরা দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে থেকে কাজ করছেন। কৃষির টেকসই উন্নয়ন, কৃষকের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, কৃষিজমি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষিত কৃষি জনশক্তি অপরিহার্য। মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে বড় নিয়ামক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সংগঠনের মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস. টি. আহম্মেদ এবং জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মো. গাউসুল আজম শাহীন। এ সময় কেন্দ্রীয়, বিভাগীয় ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে অনুষ্ঠানের সূচনা হয়। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




