হাসপাতালে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কর্মসূচি পালন করেছে কলেজ ও পৌর ছাত্রদল।
রবিবার (৯ আগস্ট) দুপুরে রোগীদের ভোগান্তি কমাতে এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বর ও এর আশপাশে জমে থাকা যাবতীয় আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
রোগীদের জন্য একটি সেবাবান্ধব পরিবেশ তৈরির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জনগণের কল্যাণে এমন ইতিবাচক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ ও ডা. মোহাম্মদ তামিম, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




