জামালপুর

বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর প্রতিবেশীদের হামলা: তদন্তে পুলিশ

জাহাঙ্গীর আলম, জামালপুর:  জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামে এক মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এতে মৃত বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে আলাল উদ্দিনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়- একটি তুচ্ছ ঘটনা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আলাল উদ্দিন গাছ থেকে সন্তানের জন্য ফল পাড়ার সময় নিচে দাঁড়িয়ে থাকা এক আত্মীয়ের সঙ্গে ‘সেভেন আপ’ খাওয়া নিয়ে কথা বলছিলেন। প্রতিবেশী মুক্তা ও তার স্বজনরা কথাটি নিজেদের উদ্দেশ্য করে বলা হয়েছে মনে করে ক্ষিপ্ত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মুক্তা ও তার লোকজনের হামলায় আলাল উদ্দিনের পরিবারের সদস্যরা মারধরের শিকার হন।

হামলার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুক্তা বা তার পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান- এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button