মাদারগঞ্জ

ব্যবসায়ীর ছাদজুড়ে শতাধিক ফলদ গাছ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: ইট-কংক্রিটের রুক্ষ শহরে ছাদজুড়ে সবুজের সমারোহ গড়ে তুলেছেন জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী বাজারের ব্যবসায়ী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান। ২০২৪ সালের শেষ দিকে শখের বশে শুরু করা তাঁর ছাদ বাগানে এখন শতাধিক দেশি-বিদেশি ফলদ গাছ রয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগটি দেখতে মঙ্গলবার বিকেলে বাগানটি পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

ছাদ বাগানে জামরুল, আপেল, সফেদাসহ বিভিন্ন জাতের ফলদ গাছ রয়েছে। পবিত্র তিন ফলসহ নানা জাতের বৃক্ষে সাজানো বাগানটি এখন ব্যস্ত নাগরিক জীবনে এক টুকরো সবুজের আশ্রয় হয়ে উঠেছে। একই সঙ্গে এটি এলাকার মানুষের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।

পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তাঁরা বাগানের প্রতিটি গাছ ঘুরে দেখেন এবং গাছের পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরামর্শ দেন।

কৃষি কর্মকর্তারা জানান, ছাদ বাগানের টবের মাটিতে পুষ্টি ধরে রাখতে নিয়মিত জৈব সার ব্যবহার করা জরুরি। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ ঠেকাতে সঠিক সময়ে প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগের পরামর্শও দেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, শহরের প্রতিটি ফাঁকা ছাদ এভাবে সবুজে রূপান্তর করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Related Articles

Back to top button