দেওয়ানগঞ্জ

লাইসেন্স ছাড়া সার মজুদ, ৫০ হাজার টাকা জরিমানা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদ করার অপরাধে হাসান বশরি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, হাসান বশরি বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ডাংধরা ইউনিয়নের বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে অনুমোদনহীন একটি গুদামে মজুদ করেন। পরে বিজিবি ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অবৈধভাবে সার মজুদের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন- অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার পরিবহন, মজুদ কিংবা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button