দেওয়ানগঞ্জইসলামপুরবকশীগঞ্জ

উৎসবমুখর পরিবেশে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতিন রহমান, মহসিন রেজা রুমেল ও ফিরোজ শাহ: যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং দোয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসব কর্মসূচিতে বক্তারা দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা তুলে ধরে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দেওয়ানগঞ্জেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে হাইস্কুল রোডের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপজেলা বিএনপির সহসভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা। সভায় বক্তারা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

একই দিনে ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর সভাপতি রেজাউল করিম ঢালী, সিনিয়র সহসভাপতি নাশিদা সাফিজ বিনতী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নবি নেওয়াজ খান লোহানী বিপুলসহ অন্যান্য নেতারা।

আলোচনা শেষে ব্যানার ও ফেস্টুন হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। পুরো জেলাজুড়েই প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Related Articles

Back to top button