ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে।
গ্রেপ্তার বাকিরা হলেন- জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ডিবি। এসময় ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর সেই রাতেই জামালপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রিজের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করে।
ডিবি-১’র অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।




