মাদক সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদন্ড
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহন করার দায়ে সাহেব আলী (২৫) ও শাহা আলী (২৮) নামে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (০৬ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দন্ডপ্রাপ্ত সাহেব আলী পৌর শহরের ডালবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে ও শাহা আলী নির্বাহী এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত থেকে জানা গেছে- বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবন করছিল ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত ওই দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- ইয়াবা সেবন ও বহনের কথা স্বীকার করেন ওই দুই যুবক। তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




