ফ্যান মেরামতের সময় বিদ্যুৎ স্পর্শে যুবকের প্রাণহানি
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি মূলত রাজমিস্ত্রির কাজ করলেও পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজও করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে প্রতিবেশী ফুফা আব্দুর রহিমের বাড়িতে সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন বাবু। এ সময় অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরপাকেরদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জগলুল পাশাও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, নিহত যুবক পেশায় রাজমিস্ত্রি হলেও মাঝে মধ্যে বিদ্যুতের কাজও করতেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় মন্তব্য করেন, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।




