“বেয়াদব পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি”- স্লোগানে মুখর বিএনপির বিজয় মিছিল
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল জুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে মুখরিত থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় এনসিপি নেতা পাটোয়ারী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ‘বেয়াদব পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি’, ‘এনসিপির পাটোয়ারী, এবার ঝাড়ুর বাড়ি’ এবং ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’সহ নানা রকম স্লোগান তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনে গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেন।
সমাবেশ ও বিজয় মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।




