দেওয়ানগঞ্জ
জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া’র মৃত্যু
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের শাহিন আলমের মেয়ে।
স্থানীয়রা জানান- ঘটনার সময় সাদিয়ার মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ মেয়েকে দেখতে না পেয়ে তিনি আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের রাস্তার সংলগ্ন নিচু জমিতে জমা সামান্য বৃষ্টির পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান।




