জামালপুরপ্রধান খবর

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস ধর্মঘট:চরম দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার: মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার সকালে জামালপুর ও ঢাকাগামী দুটি বাসে হামলার ঘটনা ঘটে। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

এদিকে বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে বিকল্প হিসেবে ছোট ছোট যানবাহনে বাড়তি দুর্ভোগ ও ঝুঁকি মাথায় নিয়ে যাত্রা করতে হচ্ছে তাদের।

বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রী শাহনাজ বলেন, আমার ঢাকা যাওয়াটা খুব জরুরি। সকালে স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বাধ্য হয়ে ভেঙে ভেঙে টাঙ্গাইলের ধনবাড়ী বা মধুপুর পর্যন্ত যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকার বাস পাব।

রিফাত নামের আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস মালিক ও চালকরা শুধু নিজেদের কথা চিন্তা করে বাস বন্ধ করে দিলেন, যাত্রীদের দুর্ভোগের কথা একবারও ভাবলেন না। এই সিদ্ধান্তের কারণে আমাদের কতটা কষ্ট হবে, তা জেনেও তারা এমন পদক্ষেপ নিয়েছেন। এখন আমাদের ভেঙে ভেঙে ময়মনসিংহ গিয়ে তারপর ঢাকার বাস ধরতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন মিলে পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান হবে।

তবে সার্বিক বিষয়ে জানতে জামালপুরের জেলা প্রশাসক ইউসূফ আলীকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Related Articles

Back to top button