নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মতিথি উদযাপিত
এম আর সাইফুল,মাদারগঞ্জ: আধুনিক বাংলা নাটকের রূপকার নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭৭তম জন্মতিথি পালিত হয়েছে জামালপুরের মাদারগঞ্জে। শিল্প ও সংস্কৃতি বিকাশের প্রতিষ্ঠান চারণ থিয়েটার এবং ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ১৮ আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলার মোসলেমাবাদ গ্রামের এফ এম কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। জন্মতিথির কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং স্কুল প্রাঙ্গণে চারাগাছ রোপণ করা হয়।
চারণ থিয়েটারের সহসভাপতি ফররুখ আহম্মেদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহার বাবলু। সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় ড. সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুজ্জামান সরকার, রওশন জামিল টুটুল, কোষাধ্যক্ষ আক্রামুল ইসলাম আক্তার এবং ভোর হলোর সভাপতি মোস্তাফিজুর রহমান লাঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আপ্যায়ন সম্পাদক সেলিম আহম্মেদ, নাট্যকর্মী আনোয়ার হোসেন মানিক, কবি জি বি এম রুবেল আহম্মেদ এবং কথাসাহিত্যিক বজলুর রহমান খানসহ স্থানীয় শিল্প ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।




